দরিদ্রদের বিনামূল্যে করোনা টিকা দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা সরবরাহ করা হবে। স্থানীয় সময় গত মঙ্গলবার সকালে এক ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বলে সিএনবিসির প্রতিবেদনে জানা যায়। ওই কর্মকর্তা জানান, অরক্ষিত জনগোষ্ঠী, টিকা নেওয়ার আগ্রহ থাকলেও আর্থিক সঙ্গতি নেই এমন যেকোনো নাগরিককে বিনামূল্যে এটি সরবরাহ করা হবে। তিনি বলেন, ফেডারেল সরকারের কাজ হচ্ছে দুর্বল ও সামর্থ্যহীনদের টিকাপ্রাপ্তি নিশ্চিত করা।

যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সরকারের কাছে এমন দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবি ছিল, শুধু ধনীদের জন্য কুক্ষিগত না করে সবার জন্য যেন করোনা টিকাপ্রাপ্তি নিশ্চিত করা হয়।

দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৮ হাজার ৪০০। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ১৩২ জনের মৃত্যু হয়েছে।