আচমকা হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন বুরন্ডির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা। তার মৃত্যুর এক সপ্তাহ পর নতুন প্রেসিডেন্ট শপথ নিতে যাচ্ছে আফ্রিকার দেশটি।
বিবিসি জানায়, বুরুন্ডির নতুন প্রেসিডেন্ট এভারিস্তে এনদেইশিমিয়ে বৃহস্পতিবার শপথ গ্রহণ করবেন। তিনি এনকুরুনজিজার মতো বিদ্রোহী নেতা ছিলেন।
পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ১৫ বছর দায়িত্ব পালনের পর আগস্ট মাসে এনকুরুনজিজার ক্ষমতা থেকে সরে দাঁড়ানো করার কথা ছিল। বুরুন্ডিতে গত ২০ মে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী ও সাবেক সেনাপ্রধান এনদেইশিমিয়ে বিজয়ী হন।
এনকুরুনজিজার মৃত্যুতে দুই মাস আগেই ক্ষমতা গ্রহণ করতে হলো এনদেইশিমিয়েকে।
৮ জুন এনকুরুনজিজার মৃত্যুর সংবাদ দেয় দেশটি। তবে মৃত্যুর পর তাকে যে হাসপাতালে নেওয়া হয়েছিল সেটির চিকিৎসকদের দাবি, করোনায় মারা গিয়েছেন এনকুরুনজিজা। মৃত্যুর আগে শ্বাসকষ্টে ভুগেছিলেন তিনি।
প্রয়াত প্রেসিডেন্টের স্ত্রী গতমাসের শেষদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলন। তাই ধারণা করা হচ্ছিল, প্রেসিডেন্ট নিজেও এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হন।
বুরুন্ডি বিশ্ব ব্যাংকের তালিকায় শীর্ষ দরিদ্র তিন দেশের মধ্যে একটি। ২০১৫ সালে অসাংবিধানিকভাবে এনকুরুনজিজা ক্ষমতা ধরে রাখার পর থেকে দেশটির ওপর অনেক দাতা দেশ আর্থিক সহায়তা বন্ধ করে দেয়।
চলমান করোনাভাইরাস সংকট মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েও ব্যাপক সমালোচনা রয়েছে প্রেসিডেন্ট এনকুরুনজিজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তাদেরও বহিষ্কার করেন তিনি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের খবর কমই পাওয়া গেছে। কর্তৃপক্ষের দাবি, ঈশ্বরই এই মহামারি থেকে বুরুন্ডিকে রক্ষা করছে।