‘বাংলাদেশে কভিড-১৯ এর প্রভাব, পরিণতি এবং কার্যকর পদক্ষেপ: মানব নিরাপত্তার আঙ্গিকে বিশ্লেষণ’ শীর্ষক একটি আন্তর্জাতিক ভার্চুয়াল কনফারেন্স আয়োজন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) এবং সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এর উদ্যোগে বৃহস্পতিবার এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় জুম-এ শুরু হওয়া এ কনফারেন্সে পাঁচটি বিষয়ের ওপর আলোকপাত করা হয়। এগুলো হলো- স্বাস্থ্য, জীবিকা ও ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও কারিগরি দক্ষতা, কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং ভূ-রাজনৈতিক সম্পর্ক।
এসআইপিজি’র পরিচালক অধ্যাপক এসকে. তৌফিক এম. হকের সূচনা বক্তব্যের পর দেশে করোনা শনাক্ত ও চিকিৎসায় বিদ্যমান চ্যালেঞ্জের মাঝে বিদেশ থেকে আগত অভিবাসীদের কারণে সৃষ্ট ঝুঁকি ও অভিবাসীদেরকে ঝুঁকির মুখে পড়া, মাতৃমৃত্যু, শিশুমৃত্যু ইত্যাদি মোকাবিলায় জনস্বাস্থ্য নিয়ে কী কী কৌশল প্রণয়ন আবশ্যক, সে বিষয়ে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়টির বৈশ্বিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আহমেদ হোসেন।
এরপর সিপিডি’র সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান ২০২০-২০২১ সালের বাজেটের আলোকে ব্যবসা ক্ষেত্রে এর প্রভাব, ঘাটতি, রাজস্ব সঞ্চালনা, প্রত্যক্ষ ও পরোক্ষ কর ও সংস্কার কর্মসূচির ওপর আলোকপাত করেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আতিকুল ইসলাম দেশে শিক্ষা ও কারিগরি ক্ষেত্রে বিরাজমান চ্যালেঞ্জ, দীর্ঘমেয়াদি পরিণতি ও করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন।
অন্যদিকে,কৃষি ক্ষেত্রে করোনার প্রভাবে সৃষ্ট দুর্বল ও ঝুঁকিপূর্ণ দিকগুলোকে কিভাবে সবল ও সম্ভাবনাময় করা যায়, তার সুনির্দিষ্ট নির্দেশনা দেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। সবশেষে,বিশ্বজুড়ে ক্রমশ বদলে যাওয়া কূটনীতিক সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে মানবকল্যাণ, জলবায়ু, অভিবাসন, প্রযুক্তির ব্যবহার ইত্যাদি বিষয়ে কৌশলগত দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক চুক্তি ও সম্পর্ক নবায়নের ওপর জোর দেন এসআইপিজি’র সিনিয়র ফেলো মো. শহিদুল হক।
কভিড-১৯ এর চলমান ও ভবিষ্যত প্রভাব নিয়ে বিশ্বজুড়ে যখন বিভিন্ন পেশার মানুষের ভাবনা-দুর্ভাবনা চলছে, এ কনফারেন্সের মাধ্যমে শিক্ষা, কৃষি, ব্যবসা, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখার প্রয়াস গ্রহণ করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। সিপিএসের সমন্বয়ক ড. এম. জসিম উদ্দীনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক আব্দুর র,অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহেদুল আনাম খান এবং প্রথম আলোর সহকারী সম্পাদক ফারুক ওয়াসিফ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক, গণমাধ্যমের প্রতিনিধি, কানাডিয়ান হাইকমিশন, ইউনেস্কোসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দূতাবাসের প্রতিনিধিরা, বিদেশী শিক্ষক ও গবেষকরা এতে উপস্থিত ছিলেন।