স্বাস্থ্য মন্ত্রণালয়ের কভিড-১৯ সংক্রান্ত মিডিয়া সেলের প্রধান অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খানকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার এক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানায়।
এর আগে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও দুই অতিরিক্ত সচিবকে সরিয়ে দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, হাবিবুর রহমান খানকে কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (বারটান) নির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য গণমাধ্যমকে জানাতে গত ১৪ এপ্রিল স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অনুবিভাগ) হাবিবুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের মিডিয়া সেল গঠন করা হয়।
৪ জুন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়। স্বাস্থ্য সেবা বিভাগের দায়িত্বে আনা হয়েছে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল মান্নানকে।
এরপর ৮ জুন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ) মো. সিরাজুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয়ে এবং অতিরিক্ত সচিব (ওষুধ প্রশাসন অনুবিভাগ) মো. ইসমাইল হোসেনকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়।