দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্তের বাড়িতে বোমা হামলা হতে পারে এমন খবর পেয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।
তামিল সংবাদমাধ্যম নিউজ৭’র খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে পুলিশের জরুরি নম্বরে (১০৮) ফোন দিয়ে বলা হয় রজনীকান্তের বাড়িতে বোমা হামলা হবে।
তথ্যদাতা নিজের নাম প্রকাশ না করেই ফোন কেটে দেন। পুলিশ এরপর তড়িঘড়ি করে বিশেষ বাহিনীকে সেখানে পাঠায়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এটি ‘প্রাঙ্ক’ বা বিরক্তিকর কল ছিল।
করোনার কারণে রজনীকান্ত পরিবারসহ বাড়িতেই আছেন। তাই পুলিশদের ভেতরে ঢুকতে দেননি। তারা বাইরে দশ মিনিটের মতো তল্লাশি করে ফিরে যান।
থানায় ফিরে পুলিশ ‘প্রাঙ্ক কলের’ বিষয়ে নিশ্চিত হয়। যে ব্যক্তি এমন কাজ করেছে এখন তাকে ধরতে মাঠে নেমেছেন কর্মকর্তারা।
১৯৭৩ সালে মাদ্রাজ ফিল্ম ইন্সটিটিউটে অভিনয়ের ওপর ডিপ্লোমা শেষে সিনেমায় নামেন রজনীকান্ত। সেই থেকে বিভিন্ন চরিত্রে কাজ করতে করতে একসময় তারকা বনে যান। ২০০০ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মভূষণ’ অর্জন করেন।