দিনাজপুরের পার্বতীপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে পুলিশ ধর্ষকসহ দুই জনকে গ্রেপ্তার করেছে। প্রতিবন্ধী কিশোরী যশাই উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে কিশোরীর বাবা বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার বিকেলে আসামীদের আদালতে মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়।
শুক্রবার ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য দিনাজপুর এম অাব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হবে বলে জানান থানার ওসি।
মামলা সূত্রে জানা যায়, পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের উত্তর বাসুদেবপুর (হঠাৎপাড়া) গ্রামের জনৈকের প্রতিবন্ধী কিশোরী কণ্যা (১৩) গত ১৪ জুন রাত ৮টার দিকে নিজ ঘরে থাকাকালে চুপিসারে মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী রায়পুর গ্রামের চৌকিদার আবু সাঈদের পুত্র মাহফুজ ওরফে হৃদয় (২৩) তাকে বিয়ের প্রলোভন দিয়ে মাহফুজের ভগ্নিপতির বাড়ী রামচন্দ্রপুর গ্রামে নিয়ে যায়। সেখানে ইচ্ছার বিরুদ্ধে কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করে।
এদিকে ভিকটিমের বাবা তার মেয়েকে বিভিন্ন স্থানে খোঁজ করেও পায়নি। অবশেষে বুধবার রাত ৮টার দিকে মোস্তফাপুর ইউনিয়নের দন্ডপানি গ্রামের নিকট পাকা রাস্তা মাহফুজ ও ভগ্নিপতি আমিনুল ইসলাম সহ কিশোরীকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান অপহরন ও ধর্ষণের ঘটনায় মামলা দুই জন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মাহফুজ কিশোরীর বাড়ির পাশে জনৈক ব্যক্তির লিচু বাগান পাহারা দিত।