সুপ্রিম কোর্টের আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের চিকিৎসার জন্য তিনটি বিশেষায়িত হাসপাতালকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালগুলো হলো হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও উত্তরার ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো একটি ই-মেইল বার্তায় এ বিষয়টি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে অবহিত করা হয়েছে। সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এ বিষয়ে আবেদন করেছিলাম। তারা আমাদের এ তথ্য জানিয়েছেন, এই তিনটি বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত আইনজীবীদের চিকিৎসা দেওয়া হবে। এর মধ্যে হলি ফ্যামিলি হাসপাতাল যেহেতু সরকারিভাবে পরিচালিত হয়, তাই করোনায় আক্রান্ত আইনজীবীরা সেখানে বিনা মূল্যে চিকিৎসা নিতে পারবেন।’
প্রসঙ্গত, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুমতিক্রমে ৬ জুন থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের করোনাভাইরাস পরীক্ষার জন্য বুথ স্থাপন করা হয়েছে। সেখানে প্রতিদিন বিনা মূল্যে ৭ জন আইনজীবীর নমুনা সংগ্রহ করে করোনাভাইরাসজনিত প্রতিবেদন দেওয়া হচ্ছে।