স্বাস্থ্যে ২০% বরাদ্দ দাবি বাম জোটের

ঘোষিত বাজেটে স্বাস্থ্য খাতে ২০% বরাদ্দের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একই সঙ্গে জেলায় অন্তত ৫০০টি করে করোনা পরীক্ষার ব্যবস্থায় ল্যাব স্থাপনের দাবি জানিয়েছে তারা।

গতকাল বৃহস্পতিবার জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ।

সংবাদ সম্মেলন থেকে ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এতে বলা হয়, জনগণের স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত এবং বাজেটে কমপক্ষে ২০% স্বাস্থ্য খাতে বরাদ্দ করা, সময়মতো অর্থছাড় ও বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া প্রত্যেক জেলা-উপজেলায় করোনা পরীক্ষার ল্যাব স্থাপন করে উপজেলায় ২০০, জেলায় ৫০০ এবং সারা দেশে প্রতিদিন কমপক্ষে ৫০ হাজার করোনা পরীক্ষার ব্যবস্থা করতে হবে।