হোয়াইট হাউজে দায়িত্ব পালনের সময়ের ঘটনা নিয়ে নতুন একটি বই প্রকাশ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। এ নিয়ে ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে টানাপড়েন শুরু হয়েছে তার। এরই মধ্যে ওই বইয়ের সংক্ষিপ্ত অংশ প্রকাশ করে দিয়েছে দেশটির মিডিয়া।
বইতে জন বোল্টন জানিয়েছেন, দ্বিতীয় দফায় নিজের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নিশ্চিত করতে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সাহায্য পাওয়ার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বেশ কিছুদিন চুপ করে থাকার পর এ বছর একটি বই প্রকাশের ঘোষণা দেন আগ্রাসী পররাষ্ট্রনীতির সমর্থক বোল্টন। ‘দ্য রুম হয়ার ইট হ্যাপেন’ শিরোনামে ৫৭৭ পৃষ্ঠার বইটি ২৩ জুন প্রকাশের কথা রয়েছে। তবে তা আটকানোর চেষ্টায় রয়েছে ট্রাম্প প্রশাসন।