মানচিত্র সংশোধনী বিল নেপালের উচ্চকক্ষেও পাস

‘ভারতীয় ভূখণ্ড’ নিয়ে নতুন মানচিত্রের অনুমোদন দিয়েছে নেপাল পার্লামেন্টের উচ্চকক্ষ। গতকাল বৃহস্পতিবার সর্বসম্মতভাবে এ সংক্রান্ত বিলে অনুমোদন দেন দেশটির আইনপ্রণেতারা। এর আগে গত শনিবার বিলটি নিম্নকক্ষের অনুমোদন পায়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, উচ্চকক্ষেও যে বিলটি ছাড়পত্র পাবে তা আগেই ধরে নেওয়া হয়েছিল। প্রশ্ন ছিল শুধু এর পক্ষে-বিপক্ষে প্রাপ্ত ভোটের ব্যবধান নিয়ে। তবে শেষ পর্যন্ত ‘ভারতীয় ভূখণ্ড’কে নেপালের মানচিত্রে যুক্ত করার সংবিধান সংশোধনী বিলের বিরুদ্ধে একটি ভোটও পড়েনি। ফলে ৫৭-০ ভোটে পাস হয় বিলটি। উচ্চকক্ষে পাস হওয়ার পর বিলটি আইনে পরিণত হতে এখন শুধু প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষা। সেই অনুমোদন পেলেই নেপালের যাবতীয় সরকারি কাজে নতুন এ মানচিত্র ব্যবহৃত হবে। এ মানচিত্রে লিমপিয়াধুর, লিপুলেখ ও কালাপানিকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখিয়েছে কাঠমান্ডু; যদিও দিল্লির দাবি, এগুলো ভারতীয় ভূখণ্ড। গত মাসে যখন লিপুলেখ পর্যন্ত ৮০ কিলোমিটার রাস্তা চালু করে ভারত, তখন থেকেই দুই দেশের মধ্যে সীমান্ত বিবাদ বেড়ে যায়। কৈলাস মানস সরোবরের তীর্থযাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য সেই রাস্তা চালু করা হয়েছে বলে দাবি দিল্লির। তবে সেই রাস্তা নিয়ে প্রতিবাদ জানিয়েছে নেপাল।