দিনাজপুরে হত্যা মামলা

স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত নেতার ৫ দিনের রিমান্ড

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জোড়া খুনসহ ছয়টি মামলার আসামি জেলা স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সভাপতি ইমাম আবু জাফর রজবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এর আগে বিভিন্ন মামলায় দুদিনের রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার জেলার বোচাগঞ্জ থানার একটি হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ভার্চুয়াল আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের আদালত এ আদেশ দেয়।

গত ১১ জুন হাবিপ্রবির জোড়া খুনসহ ছয়টি মামলায় দিনাজপুর শহরের বাহাদুর বাজারে ইমাম আবু জাফর রজবের আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। বহিষ্কৃত এ নেতার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধান করছে দুদক।