তবু আইপিএল’র টাইটেল স্পনসরে থাকছে চীনের ভিভো

লাদাখ সীমান্তে চীনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ২০ ভারতীয় সেনার নিহত হওয়ার জের ধরে দেশ জুড়ে চলছে চীন বিরোধী বিক্ষোভ। দাবি উঠেছে চীনা পণ্য বর্জনের। এসবের মধ্যেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টির টাইটেল স্পনসর থেকে ভিভোকে না সরানোর কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই।

বিসিবিআই অরুণ ধুমাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সীমান্তে উত্তেজনার মধ্যেও চীনা মোবাইল প্রস্তুতকারী কোম্পানি ভিভোকে স্পনসর থেকে বাদ দিচ্ছে না বোর্ড। ২০১৮ সাল থেকে আইপিএলে স্পনসর করে আসছে চীনের এই প্রতিষ্ঠানটি।

আপাতত ভিভোর সঙ্গে চুক্তি ভঙ্গ করা যাবে না বলে জানালেন অরুণ ধুমাল। তবে ভবিষ্যতে বিষয়টি মাথায় রাখা হবে বলে জানান তিনি।

“ভবিষ্যতে বোর্ড কোনো সংস্থার সঙ্গে চুক্তি করলে অবশ্যই দেশ এবং দেশবাসীর স্বার্থের কথা মাথায় রাখবে। সীমান্তে ভারতীয় সেনার ওপর চীনের হামলার পর ভবিষ্যতে যেকোনো চীনা সংস্থাকে বর্জন করার পক্ষে বিসিসিআই। ভারতীয় সংস্থাকেই ভবিষ্যতে গুরুত্ব দেবে বোর্ড।”

“চীনের এই প্রতিষ্ঠানের সঙ্গে বোর্ডের আগের সদস্যরা চুক্তি করেছিলেন। তাই এই চুক্তিকে সম্মান করতেই হবে। চীনের সংস্থার থেকে বোর্ড যে টাকা পাবে তা করের মাধ্যমে দেশের কোষাগারেই যাচ্ছে। পক্ষান্তরে তা দেশের কাজেই লাগছে। দেশের অর্থনীতি মজবুত হচ্ছে। এ ক্ষেত্রে ভারতের টাকা ভবিষ্যতে চীনের স্বার্থরক্ষা করছে না-কি চীনের টাকা আমাদের স্বার্থরক্ষা করছে সেটা দেখা জরুরি।”

অরুণ ধুমালের স্পষ্ট কথা, আইপিএল’র টাইটেল স্পনসর হিসাবে যেহেতু ভিভো’র সঙ্গে চুক্তি রয়েছে তাই কিছু করার নেই। তবে চীনা স্পনসরের বিষয়ে সরকারি নির্দেশিকার জন্য অপেক্ষা করবে বোর্ড।