ভৈরবে করোনার উপসর্গ নিয়ে পুরোহিতের মৃত্যু, নতুন শনাক্ত ১৩ জন

কিশোরগঞ্জের ভৈরবে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শান্তিপদ গোস্বামী (৫৫) নামে এক পুরোহিতের মৃত্যু হয়েছে। তিনি ভৈরব বাজারস্থ শ্রী শ্রী গোপালবাড়ি মন্দিরের পুরোহিত ছিলেন।

বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার নমুনা সংগ্রহ করেন। পরে রাতেই শহরের কমলপুর পঞ্চবটী শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রের বরাতে শ্রী শ্রী গোপালবাড়ি মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শ্রী স্বপন দেবনাথ জানান, তিনি বেশ কিছুদিন ধরে জ্বর-সর্দিসহ নানা উপসর্গে ভুগে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছিলেন।

ওই চিকিৎসক তাকে করোনাভাইরাসের পরীক্ষার কথা বললেও তিনি করাননি। গতকাল রাত ৭টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য ডা. বুলবুল আহমেদ জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া পুরোহিত শান্তিপদ গোস্বামীর নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন আসার পর বলা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এ উপজেলায়। এই নিয়ে এখানে মোট ৪২৪ জনের মাঝে ভাইরাসটি শনাক্ত হলো। এ পর্যন্ত আসা প্রতিবেদন অনুযায়ী মারা গেছেন ৭ জন। আর সুস্থ হয়েছেন ১১৫ জন।

এদিকে ঈদের পর ভৈরবে করোনাভাইরাস শনাক্ত এবং মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের নির্দেশে গত ৫ জুন থেকে আগামীকাল ২০ জুন শনিবার ১৫ দিনের জন্য ওষুধের দোকান ছাড়া এখানকার সকল মার্কেট ও শপিংমল বন্ধ রয়েছে। তবে খোলা আছে ওষুধের দোকান আর কৃষিপণ্যের ব্যবসা প্রতিষ্ঠান।