‘মুক্তি দিয়ে’ ভারতীয় সেনাদের বন্দীর ঘটনা অস্বীকার চীনের!

ভারতীয় মিডিয়া বলছে, শীর্ষ পর্যায়ের আলোচনার পর তাদের ১০ সেনাকে বৃহস্পতিবার মুক্তি দিয়েছে চীন। চীন আবার শুক্রবার বলল, ভারতের কাউকে তারা আটকই করেনি!

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান শুক্রবার এপিকে বলেন, ‘ভুল এবং ঠিক একদম পরিষ্কার। এই তথ্যের দায়দায়িত্ব ভারতের। চীন ভারতের কোনো ব্যক্তিকে আটক করেনি।’

অথচ শুক্রবার সকালের দিকে ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানায়, লাদাখ সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর ১০ জন ভারতীয় সেনাকে ছেড়ে দিয়েছে চীন।

ভারতীয় কর্মকর্তাদের নাম প্রকাশ না করে ওই প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সুস্থ অবস্থায় ওই ১০ জন ভারতে ফিরে আসেন।

সংবাদমাধ্যমটির দাবি, সোমবার গালওয়ান উপত্যকায় দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাতের সময় এই সব ভারতীয় সেনাকে তুলে নিয়ে যায় চীনা সেনারা।

সেদিনের সংঘাতে ভারতের অন্তত ২০ জন সেনা মারা যায় বলে দিল্লির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সেইসঙ্গে ৭৬ জন আহত হওয়ার ঘটনা ঘটে।

ভারতের দাবি, চীনের সেনারাও ওই ঘটনায় হতাহত হয়েছে। তবে বেইজিং এ ব্যাপারে কিছু জানায়নি।

মার্কিন গোয়েন্দা সূত্রে পিটিআই বলছে, গালওয়ান উপত্যকায় সংঘর্ষে অন্তত ৩৫ জন চীনা সেনা হতাহত হয়েছেন।