পুতিনের বিরুদ্ধে মামলা করা সেই গভর্নরের করোনায় মৃত্যু

জোরপূর্বক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার অভিযোগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মামলা দায়ের করা রাশিয়ার আঞ্চলিক সরকারের সাবেক এক গভর্নর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন বলে জানা গেছে।

শুক্রবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেন্ট্রাল চুভাশিয়া অঞ্চলের সাবেক গভর্নর মিখাইল ইগনাতায়েবের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বেশ কয়েকটি বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পুতিনের আস্থা হারিয়েছিলেন ইগনাতায়েভ। এক দশক সময় ধরে ক্ষমতায় থাকার পর আঞ্চলিক সরকারের গভর্নরের পদ থেকে গত জানুয়ারিতে তাকে সরিয়ে দেওয়া হয়।

ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পুতিনের সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানিয়ে গত মে মাসে রাশিয়ান সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন ইগনাতায়েভ। কঠোরভাবে নিয়ন্ত্রিত রাজনীতির রাশিয়ায় এ ঘটনাকে ‘খুবই অস্বাভাবিক’ হিসেবে দেখা হয়।

মে মাসের শেষ দিকে করোনাভাইরাসে আক্রান্ত হন ৫৮ বছর বয়সী ইগনাতায়েভ। এরপর তার শরীরে নিউমোনিয়া ধরা পড়লে সেন্ট পিটার্সবার্গ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানেই বৃহস্পতিবার তার মৃত্যু হয়।