করোনা আক্রান্তদের সুস্থতা কামনায় আ. লীগের বিশেষ দোয়া ও মোনাজাত

করোনা আক্রান্ত আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ চিকিৎসাধীন সকলের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার বিকেল ৪টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, উপদেষ্টা পরিষদের সদস্য মকবুল হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য বদরউদ্দিন আহমদ কামরান, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং সারা দেশে ও প্রবাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকলের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

এ সময় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুনসহ চিকিৎসাধীন সকল নেতাকর্মী এবং করোনা ভাইরাসে আক্রান্ত সকলের সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে প্রার্থনা করা হয়। এছাড়া চিকিৎসক, নার্স, সকল স্বাস্থ্যকর্মী, সামরিক-বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গণমাধ্যমকর্মীসহ করোনা ভাইরাসে সৃষ্ট সংকট জয়ে নিয়োজিত সম্মুখযোদ্ধাদের অভিনন্দন জানিয়ে তাদের সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আওয়ামী লীগ-এর সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, উপদেষ্টা পরিষদের সদস্য মকবুল হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য বদরউদ্দিন আহমদ কামরান ও ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ এদেশের মানুষের কল্যাণে সারা জীবন কাজ করে গেছেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকোপ শুরু হলে তারা সকলেই মানুষের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছেন। করোনা সংকট মোকাবিলায় নিরলস প্রয়াস চালিয়েছেন।

তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দুরবস্থাগ্রস্ত মানুষের সহযোগিতায় নিয়োজিত রয়েছে পক্ষান্তরে বিএনপি ডিপফ্রিজে চলে গেছে। সেখান থেকে মাঝে মাঝে কাগুজে বার্তা পাঠাচ্ছেন। এই ক্রান্তিকালে মানুষের পাশে না দাঁড়িয়ে তারা কাগুজে বার্তায় রাজনৈতিক বিভ্রান্তি ছড়াচ্ছেন। যা কোনো প্রকৃত রাজনৈতিক সংগঠনের কাজ হতে পারে না।

এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এবং কার্যনির্বাহী সংসদের সদস্য সাহাবুদ্দিন ফরাজী। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, মৎস্যজীবী লীগের সভাপতি মো. সায়ীদুর রহমান, সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।