ঝিকরগাছা থেকে তুলে নেয়া ছাত্রদল নেতাকে মণিরামপুর থানায় অস্ত্রসহ সোপর্দ

যশোরের ঝিকরগাছার লাউজানি থেকে তুলে নেয়া ছাত্রদল নেতা ইব্রাহিমকে তার বন্ধুসহ বৃহস্পতিবার বিকালে মণিরামপুর থানায় সোপর্দ করেছে র‌্যাব খুলনা। 

১৩ জুন রাতে ঝিকরগাছার লাউজানি বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে ইব্রাহিম ও তার বন্ধু রিপনকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী একদল ব্যক্তি। এরপর যশোরে পুলিশ ও র‌্যাব অফিসে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। সন্ধান না পেয়ে ১৬ জুন দুপুরে তার মা নূরজাহান বেগম ঝিকরগাছা থানায় একটি জিডি করেন। 

ইব্রাহিম যশোর সদর উপজেলার তেঘরি গ্রামের মাহাবুর রহমানের ছেলে এবং রিপন বড়মেঘলা গ্রামের নূর হোসেনের ছেলে।  

মনিরামপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই আজাদ জানান, র‌্যাব-৬ খুলনা কোম্পানি স্পেশাল কমান্ডের ওয়ারেন্ট অফিসার রিপন শিকদারের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে যে, বুধবার রাতে মনিরামপুর উপজেলার চিনাটোলা গ্রামের জনৈক আসাদের বাড়ির পাশের বাগানে বসে ডাকাতির প্রস্তুতি চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ এর একটি টিম সেখানে অভিযান চালিয়ে রাত দেড়টার দিকে এক রাউন্ড গুলিভর্তি একটি ওয়ান শুটারগান এবং একটি রাম দাসহ আটক করে ইব্রাহিম হোসেন এবং রিপন সরদারকে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব তাদের মনিরামপুর থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে অস্ত্র এবং ডাকাতি আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে। 

থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান মামলার কথা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে ইব্রাহিম এবং রিপনকে আদালতে চালান দেওয়া হবে।