বিরাট কোহলি বা নিজ দেশের বাবর আজম নন, পাকিস্তানের নতুন ব্যাটিং তারকা হায়দার আলির রোল মডেল রোহিত শর্মা। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে এই কথা জানিয়েছেন তিনি। বলেছেন, ইংল্যান্ড সফরে ‘হিটম্যান’র মতো ব্যাট করতে চান।
ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত পাকিস্তানের জাতীয় দলে ডাক পেয়েছেন হায়দার। প্রথমবার দেশের হয়ে প্রতিনিধিত্ব করার অপেক্ষায় ১৯ বছর বয়সী।
এক প্রশ্নের উত্তরে তরুণ এই ব্যাটার জানান, ‘যদি রোল মডেলের কথা জানতে চান, তবে আমার রোল মডেল হলেন রোহিত শর্মা। একজন ক্রিকেটার হিসেবে তাকে আমি ভীষণ পছন্দ করি। আমি তার মতো ক্লিন হিট করতে চাই এবং দলের হয়ে আগ্রাসী শুরু করতে চাই।’
সবশেষ যুব বিশ্বকাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন হায়দার। ২০১৯-২০ মৌসুমে অনবদ্য পারফরম্যান্সের সুবাদে ২০২০-২১ মৌসুমের জন্য তরুণ ক্রিকেটার হিসেবে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। ৭টি প্রশ্ন শ্রেণির ম্যাচ, ৫টি লিস্ট এ ও ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।