রাজধানীর মোহাম্মদপুর থানায় প্রায় সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার এসআই আতিকুল ইসলাম ও তার সহযোগী রেজাউর রবকে ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
দুদিনের রিমান্ড শেষে গতকাল শুক্রবার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মোহাম্মদপুর থানার এসআই গোলাম কিবরিয়া। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম এ আদেশ দেন।
আতিকুল ইসলাম এসআই হিসেবে বান্দরবান জেলা পুলিশে কর্মরত। ২৩ মার্চ ছুটি নিয়ে আর কাজে যোগদান করেননি তিনি। এ অবস্থায় ১৫ জুন সন্ধ্যায় ইয়াবা পাচারের সময় গ্রেপ্তার হন। পরের দিন আদালত তাকে দুদিনের রিমান্ড মঞ্জুর করে।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় পুলিশের করা মামলায় বলা হয়, ১৫ জুন সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের শাজাহান রোডে একটি পিকআপ ভ্যানে তল্লাশিকালে সহযোগীসহ এসআই আতিকুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৬০০ ইয়াবা ও ইয়াবা বিক্রির ৫ লাখ ২৫ হাজার টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার বলেন, ‘ছুটি শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ দেননি আতিকুল। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’