করোনায় আক্রান্ত রানা দাশগুপ্ত সিকদার মেডিকেলে

করোনাভাইরাসজনিত কভিড-১৯ আক্রান্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত ও তার স্ত্রী রীতা দাশগুপ্তকে রাজধানীর সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের অন্য প্রসিকিউটর জেয়াদ আল মালুম। তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে অ্যাম্বুলেন্সে করে রানা দাশগুপ্ত ও তার স্ত্রীকে ঢাকায় আনা হয়। এরপর তাদের গুলশানের সিকদার মেডিকেলে ভর্তি করা হয়। রানা দাশগুপ্তর সঙ্গে আমার কথা হয়েছে। শারীরিকভাবে তিনি ও তার স্ত্রী সুস্থ আছেন।’

চট্টগ্রামে গত ১৬ জুন রানা দাশগুপ্ত ও তার স্ত্রীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৭ জুন পাওয়া প্রতিবেদনে জানা যায় তারা করোনায় সংক্রমিত। এরপর সেখানকার একটি বেসরকারি হাসপাতালে তাদের ভর্তি করা হয়।