করোনার চাইতে দুর্নীতিবাজরা শক্তিশালী: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্নীতির বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি শুধু মুখেই। তাই করোনার চাইতেও শক্তিশালী দুর্নীতিবাজরা।

শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিভিন্ন সেক্টরের লুটের খবর শীর্ষ ব্যক্তিরা জানলেও এখনও পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি।

তিনি বলেন, সরকারের অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার মূল চেতনাই হচ্ছে বহুমাত্রিক দুর্নীতি ও লুটপাট।

‘এতে প্রমাণ হয় করোনার চেয়ে দুর্নীতি এখন পরাক্রমশালী। দুর্নীতিবাজরা নিজদেরকে রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী মনে করছে’ যোগ করেন বিএনপি মুখপাত্র।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ছাড়া স্বাস্থ্য অধিদফতরের ডিজি যে বক্তব্য রেখেছেন তা সঠিক নয়।

রিজভী বলেন, একজন চিকিৎসক হিসেবে তার দায়িত্ব মানুষকে সাহস জোগানো। কিন্তু তিনি নিজেই বিভ্রান্তি ছড়াচ্ছেন।