চাঁদপুরে ১৫ পুলিশসহ আরো ৪৪জনের করোনা শনাক্ত

চাঁদপুরে ১৫ পুলিশসহ আরো ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ পুলিশ সদস্যসহ চাঁদপুর সদরের ২৬ জন, মতলব দক্ষিণে ১৫ জন আক্রান্ত হয়েছে।

এছাড়া হাজীগঞ্জ, শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৫৫ জন।

চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার মোট ৯৯টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪৪টি পজেটিভ ও ৫৪টি রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি একটি রিপোর্ট পূর্বে আক্রান্ত করোনা পজেটিভ রোগীর।

এদিকে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের আ. আজিজ খানের ছেলে জাকির হোসেন খান ( ৫৫) করোনার উপসর্গ নিয়ে মারা যান। শুক্রবার রাতে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ভাষান চন্দ্র কীর্ত্তনীয়া।

মৃত জাকির হোসেন মতলব উত্তর উপজেলার মোহনপুর বাজারে কাপড়ের ব্যবসা করতো বলে জানা যায়।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তার ও আশপাশের ৪টি বাড়ি লকডাউনের নির্দেশনা দেওয়া হয়েছে।