দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২১ নম্বর মন্মথপুর চৈতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতল ভবনের ওপর থেকে ১১ কেভি বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও খুটি সরালো পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ। গত ৯ জুন দৈনিক দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেয়।
প্রসঙ্গত, ১৯৮৮ সালে স্থানীয় বিদ্যানুরাগী ব্যক্তিদের উদ্যোগে ২১ নম্বর মন্মথপুর চৈতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। প্রায় চার মাস আগে বিগত ২০১৯-২০২০ অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি-৪) আওতায় ৬৯ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা ব্যয়ে নতুন দ্বিতল স্কুল ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়। স্কুল ভবনের প্রথম তলার নির্মান কাজ শেষ করে দ্বিতীয় তলার পিলার নির্মানে ভবনের ওপরে ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন থাকায় ঝুৃঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্বিতল ভবনের বাকি নির্মানকাজ ঠিকাদারি প্রতিষ্ঠান স্থগিত করেন।
এর প্রেক্ষিতে গত ৯ জুন দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় ‘পার্বতীপুরে ভবন নির্মাণকাজ চার মাস ধরে বন্ধ স্কুলের ওপর দিয়ে ১১ কেভি বিদ্যুত সঞ্চালন লাইন’ প্রকাশ হয়েছিল। গত শক্রবার দুপুরে কর্তৃপক্ষ ওই বিপদজনক ১১ কেভি বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও খুটি সরিয়ে নেন।
২১ নম্বর মন্মথপুর চৈতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান জানান, এতোদিন স্কুলের ওপর দিয়ে বিদ্যুতের তার ও খুটি থাকায় প্রায় চার মাস ধরে কাজ বন্ধ ছিল। এখন পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ তার ও খুটিটি সরিয়ে ফেলায় এখন সংশ্লিষ্ট ঠিকাদার কাজ করতে পারবে।
এ ব্যাপারে পল্লীবিদ্যুৎ সমিতি দিনাজপুর-২এর পার্বতীপুর জোনাল অফিসের ডিজিএম মো. আব্দুল আলীম বলেন, দৈনিক দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ হওয়ায় গত শুক্রবার আমাদের লোকজন ১১ কেভি বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও খুটিটি সরিয়ে নিয়েছে।