মধ্য আফ্রিকায় বিমান বাহিনীর ৩ হেলিকপ্টার প্রেরণ

বাংলাদেশ বিমান বাহিনী প্রথমবারের মতো নাইটভিশন প্রযুক্তি সম্পন্ন ৩ টি আর্মড ভার্সন এমআই ১৭১এসএইচ হেলিকপ্টার জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কন্টিনজেন্ট, মধ্য আফ্রিকান রিপাবলিকে পাঠিয়েছে।

শনিবার সকালে এসব অত্যাধুনিক প্রযুক্তির হেলিকপ্টার, যন্ত্রপাতি ও ২ জন বিমানসেনা নিয়ে জাতিসংঘের ভাড়া বিমান আন্তনভ-১২৪ বাঙ্গুই, মধ্য আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

গত ২৯ মে বিমান বাহিনীর ১২৩ জন সদস্যের একটি কন্টিনজেন্টকে জাতিসংঘ কর্তৃক ভাড়াকৃত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের মাধ্যমে মিশন অঞ্চলে মোতায়েন করা হয়েছিল।

উল্লেখ্য যে, বাংলাদেশ জাতিসংঘের প্রথম সদস্য দেশ হিসেবে স্বল্পতম সময়ের মধ্যে র‌্যাপিড ডেভেলপমেন্ট লেভেল (আরডিএল) এর আওতায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কন্টিনজেন্ট প্রেরণ করেছে।

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত মধ্য আফ্রিকান রিপাবলিকগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের প্রয়োজনীয় ব্রিফিং দিয়েছেন।