সাংবাদিক আবেদ খান সপরিবারে করোনা আক্রান্ত

জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান এবং তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার রাতে আবেদ খান নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানান।

আক্রান্ত অন্যরা হলেন আবেদ খানের স্ত্রী সানজিদা আক্তার, ছেলে আসাদ করিম খান প্রিয় ও ছেলের বউ ঊর্মি, আট বছরের নাতি ও এক গৃহকর্মী। তারা সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

আবেদ খান জানান, কভিড-১৯-এর লক্ষণ দেখা দেওয়ায় পরিবারের সবার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। শনিবার বিকেলে সবারই পজিটিভ এসেছে।

৭৫ বছর বয়সী আবেদ খান বর্তমানে দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-পিআইবির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি। তার স্ত্রী সানজিদা আক্তার, ছেলে ও ছেলের বউ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।