মাগুরা-১ আসনের সংসদ সদস্যের নামে খোলা ভুয়া ফেইসবুক আইডি’র মাধ্যমে আর্থিক সহযোগিতা চাওয়ার অভিযোগে গতকাল শনিবার দুপুরে মাগুরা সদর থানায় মামলা করেছেন জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান। একই ধরনের অভিযোগে পৃথক আরেকটি মামলা করেছেন সোহেল রানা নামে আরেক ব্যক্তি।
ফজলুর রহমানের অভিযোগ, করোনা পরিস্থিতিতে জেলা যুবলীগের পক্ষ থেকে একটি হট লাইন সার্ভিস চালু করেছেন তারা। যার মাধ্যমে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের অর্থায়নে গত তিন মাসে প্রায় ৩ হাজার পরিবারে খাবার ও বিভিন্ন স্বাস্থ্য উপকরণ পৌঁছেছেন তারা। সম্প্রতি তাদের হট লাইন সার্ভিসকে বিতর্কিত করতে সাইফুজ্জামান শিখর এমপি’র নামে ১টি ফেক ফেইসবুক আইডি খুলে একটি দুর্বৃত্ত গ্রুপ হট লাইন সার্ভিসে আর্থিক সহায়তা দেওয়ার জন্য এমপির পক্ষ থেকে আহ্বান জানিয়েছে।