গাজীপুরে মারা যাওয়া পোশাকশ্রমিককে কুড়িগ্রামের রৌমারীতে দাফন করার খবর পেয়ে ওই এলাকার ২০ বাড়ি লকডাউন ঘোষণা করেছে রৌমারী উপজেলা প্রশাসন।
করোনা সন্দেহে এমন ব্যবস্থা নেয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার শৌলমারী ইউনিয়নের বাউশমারী এলাকায় ওই ব্যক্তিকে দাফন করা হয়।
এর পরপরই প্রশাসন এ উদ্যোগ নেয়। মৃত ব্যক্তির নাম তরিকুল ইসলাম (৩০)। তিনি উপজেলার শৌলমারী ইউনিয়নের বাউশমারী গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
মৃতের বাবা সাইফুল ইসলাম জানান, তরিকুল দীর্ঘদিন ধরে গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরে তিনি হঠাৎ অসুস্থ হলে পাশের একটি হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানেই তিনি মারা যান।
রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোমেনুল ইসলাম জানান, যেহেতু নির্দিষ্ট কোনো রোগে তরিকুলের মৃত্যু হয়নি তাই তার বিষয়টি সন্দেহজনকভাবে দেখা হচ্ছে। এরই মধ্যে মৃত ব্যক্তিসহ পরিবারের ৬ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার ফলাফল না আসা পর্যন্ত ওই মৃত ব্যক্তির আশপাশের ২০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।