বলিউডে নিজের ক্যারিয়ারের দুই দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন কাজল। সম্প্রতি ইন্ডাস্ট্রিতে আসা নতুন অভিনেতা-অভিনেত্রীদের প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে প্রয়োজনীয় টিপস শেয়ার করেছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় কাজলের বিশাল ভক্তসংখ্যা। শনিবার ইনস্টাগ্রামে তিনি ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বসেছিলেন। সেখানেই উঠতি অভিনেতা ও অভিনেত্রীদের জন্য কাজল শেয়ার করেছেন তার মনের কথা।
এক ফ্যান তাকে জিজ্ঞেস করেন, নতুন অভিনেতাদের জন্য কোনো পরামর্শ? সেই প্রশ্নের উত্তরেই কাজল জানান, কোনো দিন কাউকে অনুকরণ করবেন না। নিজস্বতা বজায় রাখাটা খুবই জরুরি। এই প্রশ্নোত্তর পর্বেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে নিজের মনের কথা শেয়ার করেছেন কাজল। সুশান্তের মৃত্যুকে তিনি ‘ট্র্যাজিক’ বলে বর্ণনা করেছেন। এদিন ফ্যানেদের নানা ধরনের প্রশ্নের উত্তর দেন কাজল। হ্যাশট্যাগে পর্বের নাম দিয়েছিলেন, চায় অ্যান্ড গাপসাপ। অজয় দেবগণের তার প্রিয় ছবি কোনটি জানতে চাওয়া হলে কাজল বলেছেন পেয়ার তো হোনা হি থা-র কথা।
কাজের ক্ষেত্রে তাকে অজয়ের সঙ্গেই শেষ দেখা গিয়েছে ‘তানাজি’ ছবিতে। ছিলেন সাইফ আলি খানও। বক্স অফিসে ভালো লাভ করেছে ছবিটি। এ বছরের জানুয়ারিতে মুক্তি পেয়েছিল ছবিটি।
গত ৩ মে, বিশ্ব হাসি দিবসেও ফ্যানদের সঙ্গে এমন কথোপকথনে বসেছিলেন কাজল। করোনাভাইরাসের জেরে গোটা বিশ্বজুড়ে হাসি উড়ে গিয়েছে মানুষ। সত্যিই ২০২০ শুরু হওয়ার কিছুদিন পর থেকেই আক্রান্ত ও মৃতের সংখ্যা গুনতেই দিন কাটছে মানুষের। ভাইরাসের সংক্রমণে অসংখ্য মানুষের মৃত্যু এবং মৃত্যুভয় জাঁকিয়ে বসেছে মানুষের মনে। তাই এ বছরের বিশ্ব হাসি দিবসের কথাও মাথা থেকে বেরিয়ে গিয়েছে সবার।
কিন্তু দিন তো থেমে থাকবে না। এমন হাসির দিবসে অভিনেত্রী কাজল বসেছিলেন তার সোশ্যাল মিডিয়া পেজে ফ্যানদের সঙ্গে গল্প করতে। #AskKajol হ্যাশট্যাগে টুইটার ট্রেন্ডিংও শুরু হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। কাজল ইনস্টাগ্রাম ও টুইটারে নিজের প্রাণখোলা হাসির একটি কোলাজ ভিডিও পোস্ট করে মনের কথা লিখেছেন। বলেছেন, ‘মিশন কন্ট্রোল’-এর কথা। অর্থাৎ, তার জীবন্ত, প্রাণখোলা হাসিকে নিয়ন্ত্রণ করতে চান নায়িকা। কিন্তু এমন হাসির জন্যই তো কাজলের এত এত ফ্যান।
এদিন #AskKajol-এ ফ্যানদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। স্বামী অজয় দেবগণ তার জন্য রান্না করেন কিনা, শাহরুখের কোনো জিনিসটা তার সবচেয়ে প্রিয়, এমনকি নিজের ক্যারিয়ারের কোন চরিত্রটি কাজলের সবচেয়ে প্রিয় তাও খোলসা করেছেন অভিনেত্রী।