পুলিশের ৮৮৪৮ সদস্য করোনায় আক্রান্ত, সুস্থ হয়েছেন ৫৪০৮ জন

সারা দেশে ৮ হাজার ৮৪৮ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রবিবার পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৪০৮ জন।

পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। তাদের মধ্যে শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশেরই ২ হাজার ১২০ জন আক্রান্ত।

বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী এবং র‌্যাবসহ অন্যান্য সংস্থার সদস্যরা সারা দেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছেন।

এর মধ্যে রবিবার পর্যন্ত ৩০ পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থার এক বেসামরিক সদস্য কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।

ইতোমধ্যে সংক্রমিত ৩ হাজার ৪৫০ জন পুলিশ সদস্যকে আইসোলেশনে এবং ৯ হাজার ৩৭৫ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সুস্থ হয়ে ওঠা বেশিরভাগ পুলিশ সদস্য নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন বলে জানা গেছে।

এদিকে, রবিবার দেশে নতুন করে আরও ৩৫৩১ জনের শরীরে মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৩৯ জন।

দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১২ হাজার ৩০৬ জন। শনাক্তের হার ২৩. ০৯ শতাংশ। সেই সাথে মারা গেছেন মোট এক হাজার ৪৬৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩০ শতাংশ।

সূত্র: ইউএনবি।