আশুলিয়ায় হনুফা আক্তার নামে অন্তঃসত্ত্বা এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত ১১টার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকার রুহুল আমিনের মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। হনুফা পটুয়াখালী সদর উপজেলার অফিসের টেক গ্রামের বাসিন্দা।
হনুফার বড়বোন নুর নাহার আক্তারের অভিযোগ, এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। হনুফার গলার স্বর্ণের চেইন ও কানের দুল পাওয়া যায়নি। এমনকি ঘরে থাকা বেশ কিছু টাকাও পাওয়া যাচ্ছে না।
আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল রবিবার সকালে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে প্রতিবেশী আরমান হোসেন নামে এক যুবক পলাতক থাকায় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, হনুফার মরদেহ বাড়ির একটি ফাঁকা কক্ষের মেঝেতে পড়েছিল ও গলায় রশি পেঁচানো ছিল। এছাড়া বাম চোখেও কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।