ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল রবিবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৬ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।

ভূমিকম্পের উৎস ছিল ভারতের মিজোরামের ডারলন থেকে ৩৮.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের ৪০.৪ কিলোমিটার গভীরে। ওই এলাকার অবস্থান চট্টগ্রাম থেকে ২১৩ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভারতের মিজোরাম রাজ্যের আইজল থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

এদিকে নিজস্ব প্রতিবেদক, সিলেট জানিয়েছেন, ভূমিকম্পের সময় ভয়ে লোকজন বাসাবাড়ি, দোকানপাট থেকে বেরিয়ে আসেন। তবে ভূমিকম্পে কোনো হতাহত এবং ক্ষয়ক্ষতি হয়নি। সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা সাঈদ আহমদ জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মিজোরাম রাজ্যের আইজলে।