মহাখালীর ডিএনসিসি মার্কেট হচ্ছে করোনা হাসপাতাল

ঢাকার মহাখালীতে ছয়তলা বিশিষ্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটের গ্রাউন্ড ফ্লোর থেকে পাঁচতলা পর্যন্ত এক হাজার শয্যাবিশিষ্ট আইসোলেশন সেন্টার স্থাপন করা হবে। এ হাসপাতালের তত্ত্বাবধান করবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত হবে হাসপাতালটি। বিভিন্ন হাসপাতাল থেকে রেফার হয়ে আসা করোনা সংক্রমিত সাধারণ রোগীদের এ আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হবে। ভর্তি করা রোগীর অবস্থার অবনতি অথবা উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে কাছাকাছি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হবে। ডিএনসিসির মেয়র হাসপাতালের কর্মকাণ্ড তত্ত্বাবধান করবেন। গতকাল রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল পদবির কর্মকর্তা এ প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। আইসোলেশন সেন্টারের সুব্যবস্থাপনা নিশ্চিতে সশস্ত্র বাহিনী ডাক্তার, স্বাস্থ্য সেবাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তার সমন্বয়ে একটি কোর গ্রুপ নিয়োগ করবে।

আইএসপিআর আরও জানায়, ডিএনসিসি মার্কেটের ষষ্ঠতলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৫০টি আইসিইউ বেডসহ ৩০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হচ্ছে। ওই হাসপাতাল থেকে প্রয়োজনে সশস্ত্র বাহিনী কর্র্তৃক পরিচালিত আইসোলেশন সেন্টারে প্যাথলজিক ল্যাব ও আইসিইউ সহায়তা দেওয়া হবে।