দেশকে সুখী-সমৃদ্ধ, উন্নত দেশের কাতারে নিতে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, দেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত করে উন্নত, সুখী-সমৃদ্ধ, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে জেলা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
গতকাল রবিবার সচিবালয়ে নিজ কক্ষে কুমিল্লা, চাঁদপুর ও ভোলা জেলা পরিষদের নবনির্বাচিত তিনজন সদস্যকে শপথবাক্য পাঠ শেষে এই আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
নবনির্বাচিত সদস্যরা হলেন কুমিল্লা জেলা পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নজরুল ইসলাম, চাঁদপুর জেলা পরিষদের ১২ নম্বর সদস্য মো. জাকির হোসেন ও ভোলা জেলা পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান।