শ্বাসকষ্ট নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের নন্দিত অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মাসুম আজিজ। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। কার্ডিওলজিস্ট ডা. মাকসুমুল হকের চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন মাসুম আজিজ।
বিকেল সাড়ে ৪টার দিকে দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
এর আগে শনিবার জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মাসুম আজিজকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন রবিবার মাসুম আজিজের করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে। চিকিৎসক তাকে বাসায় আইসোলেশনে থাকার পরামর্শ দেন। রবিবার রাতে মাসুম আজিজের স্বজনেরা তাকে বাসায় নিয়ে যান। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন সোমবার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে আসা হয়।
সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ দেশ রূপান্তরকে বলেন, ‘রবিবার বাসায় নিয়ে যাওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। যার জন্য তাকে আজ (সোমবার) ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। এখন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা বলতে পারবেন। তবে রবিবার তার করোনা রেজাল্ট নেগেটিভ এসেছে।’