করোনাভাইরাসে আক্রান্ত মাশরাফী বিন মোর্ত্তজা জানিয়েছেন, তিনি শারীরিকভাবে এখন পর্যন্ত সুস্থ আছেন এবং বাসা থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছেন।
সোমবার বিকেলে ফেইসবুক পোস্টে দেশের ক্রিকেট সাবেক অধিনায়ক ও অন্যতম সেরা তারকা মাশরাফী নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে সবাইকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন।
বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়েছিল, মাশরাফী হাসপাতালে চিকিৎসা সেবা নিতে গেলেও ভর্তি হতে পারেননি। অসত্য এই তথ্যে বিভ্রান্তি যাতে না ছড়ায়, মাশরাফী এ জন্য ফেইসবুক পোস্টে সব পরিষ্কার করেছেন।
নিজের ভেরিফায়েড পেজে করা পোস্টে মাশরাফী লিখেছেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোনো কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ-এ আপনারা বিচলিত হবেন না।’
করোনা প্রাদুর্ভাবের এই সময়ে সংকট মোকাবিলায় সবাইকে এক থাকার আহ্বানও জানান নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী, ‘সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’