কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র, ৯ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জমির উদ্দিন খান জম্পির করোনা পজেটিভ এসেছে। কুমিল্লা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪ ঘন্টায় ২৮২ জনের নমুনার মধ্যে ১১১ জনের পজেটিভ এসেছে।
সোমবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ৮৩ ব্যক্তির করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৭৪ জনসহ নতুন করে জেলায় আরও ১১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৯২জন। এদিকে, নতুন ২২ জনসহ এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৭৯৯ জন।
সোমবার বিকেলে কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, কুমিল্লা নগরীতে আরও ৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি আক্রান্তদের মধ্যে চৌদ্দগ্রামে ছয়জন, সদর দক্ষিণে একজন, নাঙ্গলকোটে ২৬ জন এবং লালমাইয়ে চারজন। রবিবার সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন দুইজন। এছাড়াও চান্দিনা উপজেলার একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর আদর্শ সদর উপজেলাতে মারা গেছেন অপরজন।
ডেপুটি সিভিল সার্জন আরও জানান, রবিবার সুস্থ হয়েছেন আরও ২২ জন। এদের মধ্যে আদর্শ সদর উপজেলায় ১১ জন, বরুড়ায় ছয় জন, নাঙ্গলকোটে দুইজন এবং হোমনায় তিনজন।