বিদ্যুৎ বিল দিতে গিয়ে নিখোঁজ কারচালক

বিদ্যুৎ বিল দিতে বের হয়ে নারায়ণগঞ্জের আমির হোসেন নামে এক কারচালক ২০ দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে আমিরের বড় ভাই হাসান আলী গত ৫ জুন সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে এখনো তাকে পাওয়া যায়নি। 

জিডি সূত্রে জানা যায়, গত ৩ জুন সকাল ১০টায় নগরীর সিদ্ধিরগঞ্জের শিমরাইল দক্ষিণপাড়ার বাড়ি থেকে ৪১ হাজার টাকা নিয়ে চিটাগাং রোডে অবস্থিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেড কার্যালয়ে বিল দিতে বের হন আমির। কিন্তু তিনি আর ফেরেননি।

আমির হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল দক্ষিণপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে। কারচালক আমির লকডাউনের কারণে বেকার হয়ে পড়েন।

আমিরের বড় ভাই হাসান আলী জানান, ২০ দিন হয়ে গেলেও আমরা আমিরের সন্ধান পেলাম না। তার তিনটি সন্তান রয়েছে। তার স্ত্রী-সন্তানসহ আমাদের পরিবারের সবাই চরম দুশ্চিন্তায় রয়েছি।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশনস) মো. রুবেল হাওলাদার জানান, এমন অভিযোগ আমরা পেয়েছি। আমরা নিখোঁজের সন্ধানে কাজ করছি।