এক সপ্তাহে ২৯১ নিরাপত্তাকর্মীকে হত্যা করেছে তালেবান

সরকারের সঙ্গে দীর্ঘ প্রতিক্ষিত শান্তি আলোচনা পর যেন আফগানিস্তান নিরাপত্তাবাহিনীর ওপর হামলার সংখ্যা বাড়িয়েছে তালেবান বাহিনী। দেশটির সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, গত এক সপ্তাহে সরকারিবাহিনীর অন্তত ২৯১ জন নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে তারা।

এতে শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে মনে করেন আফগানিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জাভেদ ফয়সাল। জানান, গত সপ্তাহটা ছিল ১৯ বছরের মধ্যে আফগানিস্তানের নিরাপত্তাবাহিনীর জন্য সবচেয়ে ‘ভয়াবহ’।

ফয়সাল টুইটারে জানান, গত এক সপ্তাহে আফগানিস্তানের ৩২টি প্রদেশে ৪২২টি হামলা চালায় তালেবানরা। এতে নিরাপত্তাবাহিনীর ২৯১ জন সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫৫০ জন।

তিনি বলেন, “হামলা সহিংসতা কমাবে তালেবানদের এমন প্রতিশ্রুতি অর্থহীন। শান্তি প্রতিশ্রুতির সঙ্গে তাদের কার্যকলাপ সঙ্গতিহীন।”

তবে সরকার প্রকাশিত নিরাপত্তা কর্মীর হতাহতের এমন সংখ্যা প্রত্যাখ্যান করেছে তালেবান।

সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এএফপিকে বলেন, “শত্রুরা এসব মিথ্যা রিপোর্ট দিয়ে শান্তি প্রক্রিয়া ও আন্তঃআফগান আলোচনাকে ব্যাহত করতে চাচ্ছে।”

“হ্যাঁ, গত সপ্তাহে আমরা কিছু হামলা চালিয়েছি। কিন্তু সেগুলো ছিল নিজেদের রক্ষার জন্য।”

অতি সম্প্রতি সময়ে তালেবানদের এসব হামলার মন্ত্রী পরিষদ বৈঠকে সমালোচনা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। সোমবার তিনি বলেন, তাদের এসব কর্মকাণ্ড ‘শান্তি প্রতিশ্রুতির বিরোধী’।