আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশের প্রতিটি গৌরবময় অর্জন আওয়ামী লীগের হাত ধরেই।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ধারণ করে সাম্প্রদায়িক বিষবৃক্ষের মূলোৎপাটন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণই আওয়ামী লীগের অঙ্গীকার।
মঙ্গলবার আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার ধারণ করে বাংলাদেশ আওয়ামী লীগ, মুজিবাদর্শের প্রতিটি সৈনিক দেশ ও জাতির কল্যাণে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতির পিতার জন্মশতবর্ষে এবং মহান স্বাধীনতার ৫০ বছরে আমরা বিশ্বমাঝে পরিচিত হতে চাই সাহসী ও সমৃদ্ধ জাতি হিসেবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘পূর্বপুরুষের রক্তের ঋণ আমরা কেবলমাত্র শোধ করতে পারি সম্মিলিত সৃজনশীল কাজের মধ্য দিয়ে-প্রিয় মাতৃভূমিকে আগামী প্রজন্মের উপযোগী করে গড়ে তোলার মাধ্যমেই।’
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের জনগণ, দলের সর্বস্তরের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের গৌরবময় সাত দশকের ইতিহাস বাংলাদেশেরই ইতিহাস। এদেশের প্রতিটি গৌরবময় অর্জন আওয়ামী লীগের হাত ধরেই।
এ সময় বঙ্গবন্ধুকে রাজনৈতিক মুক্তির রোল মডেল এবং তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অর্থনৈতিক মুক্তির রোল মডেল হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ আজ গণমানুষের আস্থার ঠিকানা, প্রত্যাশার বাতিঘর। শেখ হাসিনার নেতৃত্বে বার বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া তারই অনন্য নজির।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথে এবং তার স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করছেন শেখ হাসিনা। তার বিচক্ষণ নেতৃত্ব, সততা, দেশপ্রেম সমসাময়িক বিশ্ব রাজনীতিতে তাকে উচ্চ আসনে অধিষ্ঠিত করেছে। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক। তার ভাবনায় পরবর্তী নির্বাচন নয়, বরং পরবর্তী প্রজন্ম।
প্রধানমন্ত্রীকে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে স্বপ্নে বিভোর এক কাণ্ডারি এবং বার বার মৃত্যুর পথ থেকে ফিরে আসা এক মৃত্যুঞ্জয়ী বীর হিসেবে উল্লেখ করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা আছেন বলেই মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।
বৈশ্বিক মহামারী করোনায় দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথে ছন্দপতন ঘটলেও প্রধানমন্ত্রীর মানবিক এবং দক্ষ নেতৃত্বে স্রষ্টার অপার রহমতে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দেশের যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। গত সাত দশক ধরে আওয়ামী লীগ সংকটে মানুষের পাশে থেকে এ আস্থা অর্জন করছে।