শাহজাদপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

প্রতিপক্ষের হামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ডের পাড়কোলা গ্রামে মঙ্গলবার দুপুরে আবু বক্কার সিদ্দিক(৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি ওই গ্রামের মৃত অনাথ শেখের ছেলে।

এ বিষয়ে নিহতর স্ত্রী আসমা খাতুন (৬৫) বলেন, পূর্ববিরোধের জের ধরে এ দিন দুপুরে প্রতিপক্ষ শাহজাদপুর উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেনের লোকজন এন্তাজ প্রামাণিকের (৬০) বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করে। এ সময় তাদের বাধা দিলে তাকে বেধরক মারপিট করে গুরুতর আহত করে। এরপর হামলাকারিরা আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর শুরু করে। এতে বাধা দিলে হামলাকারিরা আমার অসুস্থ্য স্বামী আবু বক্কার সিদ্দিককে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে সে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

এ ঘটনায় নিহতর স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন দাবী করেন,বৃদ্ধি আবু বক্কার সিদ্দিক আগে থেকেই প্যারালাইসিসের রুগী ছিলেন। তাই তিনি অসুস্থ্যজনিত কারণে মারা গেছেন। এদিন তার বাড়িতে কোন হামলার ঘটনা ঘটেনি। তাকে হত্যার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা মিথ্যা মামলায় আমাদের ফাসিয়ে অহেতুক হয়রানির চেষ্টা করছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া নিহতর পরিবার থেকে কোন অভিযোগ পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য,আধিপত্য বিস্তার ও একটি পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলাকে কেন্দ্র করে গত ৩ মে শাহজাদপুর পৌরসভার ৫নং ওযার্ডের কাউন্সিলন বেলাল হোসেন গ্রুপের সাথে ও সাবেক কাউন্সিলর পীযুষ গ্রুপের রক্তক্ষয়ী হামলা সংঘর্ষ হয়। এ সংঘর্ষে বেলাল গ্রুপের আলী আজগার প্রামাণিক (৬৫) প্রতিপক্ষের ফালার আঘাতে নিহত হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই গ্রামে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। তারপরেও হরহামেশাই পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রতিপক্ষের লোকজন আসামী পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে বলে অভিযোগ রয়েছে। এরই অংশ হিসাবে এ দিন হামলা ও লুটপাটের সময় তাদের বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধ আবু বক্কার সিদ্দিক মারা যায়। এ ঘটনাকে কেন্দ্র কওে এ দু‘পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।