মিরপুরে এটিএম বুথের নিরাপত্তা কর্মীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর মিরপুর পোস্ট অফিসের পাশে সোনালী ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী শফিকুল ইসলামের (৪৫) অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোর ৬টার দিকে এটিএম বুথের ভেতরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনেরা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার বিশ্বাস জানান, মৃত শফিকুল মিরপুর ২ নম্বর সেকশনের একটি বাসায় ভাড়া থাকতো। গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায়। ৫/৬ বছর যাবৎ সোনালী ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা কর্মীর কাজ করছে।

ভোরে তাকে অচেতন অবস্থায় বুথের ভেতরে পড়ে থাকতে দেখে তার স্বজনরা। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শফিকুল।

শফিকুলের মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং কিভাবে তার মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।