ওষুধ চুরির অভিযোগ

চাকরি হারালেন সেই নার্স

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিনিয়র স্টাফ নার্স তপন কুমার বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে এই তথ্য জানা গেছে। সরকারি ওষুধ চুরির অভিযোগে গত ৯ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে থেকে একটি গোয়েন্দা সংস্থার হাতে  আটক হন তিনি। এরপর শাহবাগ থানা পুলিশের কাছে  সোপর্দ করার পর তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার আসামি হিসেবে তপন কুমার বর্তমানে কারাগারে। নার্সিং ইনস্টিটিউট ও মিডওয়াইফারি অধিদপ্তর ও পুলিশ সূত্রে জানা যায়, তপন কুমার সরকারি ওষুধ চুরি সিন্ডিকেটের অন্যতম সদস্য। দীর্ঘদিন ধরেই তিনি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য বিনামূল্যে আসা বিভিন্ন ওষুধ চুরি করে বাইরে বিক্রি করতেন। গ্রেপ্তার হওয়ার পর নার্সিং ও মিডওয়াইফারি  অধিদপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত করা হয়।