এইচ১বি ছাড়াও বেশ কিছু ভিসা বাতিল করলেন ট্রাম্প

করোনার কারণে যুক্তরাষ্ট্রের কর্মহীন মানুষের সংখ্যা এখন রেকর্ড সর্বোচ্চ। এরই পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ১বি এবং এইচ৪ ভিসা (এইচ১বি ভিসাধারীদের স্বামী-স্ত্রীদের জন্য) ছাড়াও বিদেশিদের ওয়ার্ক পারমিটের আওতায় বেশ কিছু ভিসা প্রদান চলতি বছর পর্যন্ত বাতিল করেছেন।

তালিকায় এল-১ ভিসা (ইন্টার কোম্পানি ট্রান্সফারদের জন্য) এবং জে-১ ভিসাধারীরাও (বিশেষ করে চিকিৎসক ও গবেষকদের দেওয়া হয়) রয়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, অস্থায়ী ভিত্তিতে চলতি বছরের শেষ পর্যন্ত এসব ভিসা বাতিল করে প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেছেন। এর ফলে দেশে নতুন করে আমেরিকানদের জন্য ৫ লাখ ২৫ হাজার কর্মহীন মানুষের জন্য কাজের সুযোগ তৈরি হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ভিসা ব্যবস্থার বিস্তৃত সংস্কারের জন্য নির্দেশনাও জারি করেছেন, যা ৮৫ হাজার এইচ১বি ভিসা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের মেধাভিত্তিক বর্তমান লটারি সিস্টেমকে প্রতিস্থাপন করবে। ওই কর্মকর্তা বলেন, ‘এটা মজুরি ও দক্ষতা স্তর উভয়ই বাড়িয়ে দেবে। এছাড়া এটা একইসঙ্গে এন্ট্রি লেভেল জবের ক্ষেত্রে আমেরিকানদের সঙ্গে চাকরির জন্য প্রতিযোগিতার বিষয়টিকেও দূরীভূত করবে।’