আইসোলেশন শেষে মাঠে ক্যারিবীয়রা

করোনাভাইরাসের কারণে মার্চ মাস থেকে বন্ধ আন্তর্জাতিক ক্রিকেট।  লম্বা সময় পর করোনার মধ্যেই আবার ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।  ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৪ দিনের আইসোলেশন শেষ করে সফরকারী উইন্ডিজ গতকাল নেমেছে মাঠে। ইংল্যান্ডে করোনাযুদ্ধের সৈনিকদের সম্মান জানাতে এই সিরিজের নাম দেওয়া হয়েছে ‘রেইজ দ্য ব্যাট’।

ওল্ড ট্রাফোর্ডে গতকাল নিজেদের মধ্যে (হোল্ডার-১১ বনাম ব্র্যাথওয়েট-১১) প্রস্তুতি ম্যাচ খেলেছেন ক্যারিবীয় ক্রিকেটাররা। ৮ জুন ইংল্যান্ডে পৌঁছান ক্যারিবিয়ানরা। এরপর থেকে ম্যানচেস্টারে টিম হোটেলেই আইসোলেশনে ছিলেন। ম্যাচটা খেলে গতকালই হোল্ডারদের দলের চলে যাওয়ার কথা সাউদাম্পটন।

করোনা পরীক্ষায় নেগেটিভ আসা খেলোয়াড়দের নিয়ে বৃহস্পতিবার থেকে সাউদাম্পটনে ইংল্যান্ড শুরু করবে অনুশীলন। ১ জুলাই থেকে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন স্বাগতিকরা। সেই ম্যাচের পর ঘোষণা করা হবে প্রথম টেস্টের স্কোয়াড। করোনার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা চিকিৎসক, নার্স, শিক্ষক, সেবাকর্মী থেকে শুরু করে সম্মুখসারির যোদ্ধাদের নাম খোদাই করা থাকবে ইংলিশ ক্রিকেটারদের অনুশীলন জার্সিতে। কাদের নাম যাবে তা ঠিক করবে স্থানীয় ক্লাবগুলো। ৮ জুলাই সাউদাম্পটনের রোজবোলে শুরু হবে প্রথম টেস্ট।