নিজ বাড়িতে বৈদ্যুতিক পাখার তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নেত্রকোনার কলমাকান্দায় রংছাতি ইউনিয়নের রংছাতি গ্রামে বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক (৩৩) ওই গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। তিনি একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস।
রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহেরা খাতুন বলেন, রাজ্জাক সকালে ঘুম থেকে উঠে বৈদ্যুতিক পাখার সাথে তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। স্ত্রী ঘরে ঢুকে দেখেন তার স্বামী আব্দুল মাটিতে পড়ে আছে। পরে স্ত্রীর চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানা ওসি মো. মাজাহারুল করিম ঘটনার সত্যতা দেশ রূপান্তরকে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।