ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের সঙ্গে নতুন চুক্তি করেছেন দাভিদ লুইস। চুক্তি অনুযায়ী গানার শিবিরে আরও এক বছর থাকবেন ব্রাজিলের এই অভিজ্ঞ ফুটবলার।
ডিফেন্ডার লুইসের সঙ্গে বুধবার নতুন চুক্তির ঘোষণা দেয় আর্সেনাল। গত বছর ৩৩ বছর বয়সী এই ফুটবলারকে ১২ মাসের চুক্তিতে চেলসি থেকে দলে টেনেছিল ক্লাবটি। এই চুক্তির মেয়াদ ফুরানোর আগেই নতুন চুক্তির ঘোষণা দিল তারা।
করোনাভাইরাস লকডাউন পরবর্তী নিজেদের প্রথম ম্যাচেই ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে হারে আর্সেনাল। দলের এমন পরাজয়ের কারণে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েন লুইস। এসব সমালোচনা কানে না নিয়ে বরং তার সঙ্গে বরং নতুন চুক্তি করল ক্লাবটি।
এ ব্যাপারে আর্সেনালের টেকনিক্যাল ডিরেক্টর এদুয়ার্তো সিজার ক্লাবের ওয়েবসাইটে বলেন, “দাভিদ লুইস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে চলতি মৌসুমে আমাদের অধিকাংশ ম্যাচই খেলেছে।”
“সে আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ। তার পাসিং, মাঠ বা মাঠের বাইরে তার যোগাযোগ অসাধারণ। সে সবাইকে সহযোগিতা করে।”
কিন্তু চলতি মৌসুমে আর্সেনালের অবস্থা তেমন ভালো যাচ্ছে না। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তাদের বর্তমান অবস্থান দশম।