একদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মোহাম্মদ হাফিজসহ মোট সাত ক্রিকেটারের করোনা টেস্টে পজিটিভ হওয়ার খবর জানায়। তার আগের দিন কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন ইংল্যান্ড সফরের দলে থাকা আরো তিন পাকিস্তানি ক্রিকেটার। তবে বুধবার মোহাম্মদ হাফিজ জানিয়েছেন, তিনি আরেকবার করোনা টেস্ট করিয়েছেন। তবে সেই ফল নেগেটিভ এসেছে।
বুধবার টুইটারে পুনরায় করোনা টেস্টের রিপোর্টের ছবি পোস্ট করেছেন হাফিজ। সাবেক পাকিস্তান অধিনায়ক লিখেছেন, ‘গতকাল পিসিবির রিপোর্ট পজিটিভ আসার পর মানসিক সন্তুষ্টি থেকে পরিবারের সঙ্গে আমি নিজেরও করোনা পরীক্ষা করিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমিসহ আমার পুরো পরিবারের রিপোর্ট নেগেটিভ এসেছে। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন।’
বোলিং কোচ ওয়াকার ইউনিস, অলরাউন্ডার শোয়েব মালিক ও ফিজিয়োথেরাপিস্ট ক্লিফ ডিকন ছাড়া ইংল্যান্ড সফরের দলে থাকা বাকি ক্রিকেটার ও স্টাফদের করোনা পরীক্ষা করে পিসিবি।
মোট ১০ জন ক্রিকেটারের সঙ্গে একজন স্টাফের করোনায় পজিটিভ হওয়ার খবর জানানো হয়। হাফিজ ছাড়া অন্য ৯ ক্রিকেটার হলেন- ওয়াহাব রিয়াজ, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, হারিস রউফ ও হায়দার আলি।