রাজধানীর মিরপুরের রূপনগরে বাসার সামনে দুর্বৃত্তদের গুলিতে আব্দুর সাত্তার মাদবর (৪৫) নামের এক ঝুট ব্যবসায়ী আহত হয়েছেন।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
আহত সাত্তারের ভাই ইব্রাহিম মাদবর জানান, সন্ধ্যায় বাসার সামনে হাঁটাহাঁটি করার সময় ৩ দুর্বৃত্ত তাকে গুলি করে দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে প্রথমে মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে, সেখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
স্বজনরা জানান, সাত্তার ঝুট ব্যবসায়ী। কারা তাকে গুলি ছোড়ে আহত করেছে তা জানাতে পারছেন না তারা। এলাকায় কারও সাথে সাত্তারের শত্রুতা আছে বলে তাদের জানা নেই।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সন্ধ্যার রূপনগরের বাসার সামনে ৩জন দুর্বৃত্ত তাকে গুলি করেছে বলে শুনতে পেরেছি। তার কোমরের ডান পাশা ও পিঠে গুলিবিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।