নগর থেকে সংক্রমণ ছড়াচ্ছে গ্রামে

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিগত এক মাস ধরে করোনা রোগী বাড়ছে। এর মধ্যে নগরীর আশপাশের উপজেলাতে সংক্রমণের হার বেশি। এতে নগর ছাড়িয়ে এখন উপজেলা নিয়ে চিন্তিত স্বাস্থ্য কর্মকর্তারা। তারা বলছেন, নগর থেকে প্রতিদিন মানুষ গ্রামে যাতায়াত করছেন। তাদের স্বাস্থ্যবিধি মানানো সম্ভব হচ্ছে না। এজন্য গ্রামে সংক্রমণ বাড়ছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে, চট্টগ্রামে গত সোমবার পর্যন্ত মোট ৬ হাজার ৬৯৯ জন শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১৪টি উপজেলার ২ হাজার ১৪২ জন এবং নগরীর ৪ হাজার ৫৫৭ জন। এ পর্যন্ত করেনায় ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপজেলার রয়েছে ৩৩ জন। গত ২২ মে থেকে ২২ জুন পর্যন্ত এক মাসে ৯৯ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৭৩ ও নারী ২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৯৯ জন। বর্তমানে আইসোলেশনে ৩৫৩ ও হোম কোয়ারেন্টাইনে আছেন ৬০৬ জন।

উপজেলার মধ্যে আক্রান্তের শীর্ষে রয়েছে হাটহাজারী, ৩৭৫ জন। এরপর পটিয়ায় ২৬১, সীতাকুন্ডে ২৩৩, বোয়ালখালীতে ২১৩, চন্দনাইশে ১৬১, রাউজানে ১৫৯ ও বাঁশখালীতে ১২৯ জন। এর বাইরে সাতকানিয়া, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, লোহাগাড়া, সন্দ্বীপ ও মিরসরাই উপজেলায় ১৫০ থেকে সর্বনিম্ন ৪৬ জন পর্যন্ত শনাক্ত হয়েছেন। অথচ গত ২১ মে পর্যন্ত উপজেলাগুলোতে মাত্র ৩০৮ রোগী শনাক্ত হয়েছিলেন। তবে পরের এক মাসেই শনাক্ত হয়েছেন ২ হাজার ১৪১ জন। মাস ব্যবধানে রোগী বেড়েছে ১ হাজার ৮৩৩ জন। এর মধ্যে হাটহাজারীতে এক মাসে শনাক্ত বেড়েছে ২৪০ জন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমতিয়াজ হোসাইন জানান, নগরীর সবচেয়ে কাছের উপজেলা হিসেবে হাটহাজারীর বাসিন্দারা দিনে একাধিকবার নগরীতে যাতায়াত করছেন। কিন্তু বেশিরভাগই স্বাস্থ্যবিধি মানছেন না। বর্তমানে ৫০ শয্যার হাসপাতালে ৫ করোনা পজিটিভ ও একজন সাসপেক্ট রোগী চিকিৎসাধীন। বাকিরা বাসায় আইসোলেশনে রয়েছেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জাবেদ জানান, হাটবাজার ও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এমনকি মাস্কও ব্যবহার করছেন না বেশিরভাগ মানুষ। ফলে বয়স্ক, শিশু ও নারীরা আক্রান্ত হচ্ছেন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, নগরীর আশপাশের উপজেলাগুলোতে এখন বেশি রোগী শনাক্ত হচ্ছেন। নগরী থেকে অবাধে মানুষ উপজেলায় যাতায়াত করায় গ্রামেও এখন ভাইরাসটি ছড়িয়ে পড়ছে, যা খুবই উদ্বেগজনক। উপজেলার বাসিন্দারা বেশি কমিউনিটি ট্রান্সমিশনের শিকার হচ্ছেন বলে জানান তিনি।