ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর ঢাকা উপহার দিতে চাই : আতিকুল

ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ঢাকা শহর উপহার দেওয়ার জন্য বাইসাইকেল ব্যবহার করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে একটি বাইসাইকেল রাইড শেয়ারিং উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।

মেয়র বলেন, ‘সারা বিশ্বে ধনী-গরিব, নারী-পুরুষ নির্বিশেষে সবাই বাইসাইকেল ব্যবহার করে। আজকের এই প্রয়াসটি পরীক্ষামূলকভাবে চালু করা হলো। তারপর উত্তরায় এবং পর্যায়ক্রমে সমগ্র ডিএনসিসিতে বাড়ানোর ইচ্ছা আছে। এর ফলে অনেকের কর্মসংস্থান হবে। আমরা সমন্বিতভাবে পথচারী ও বাইসাইকেল লেনের জন্য কাজ করছি।’ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য বাইসাইকেল ব্যবহার করতে তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান। আতিকুল ইসলাম বলেন, ‘আসুন পরিবেশ বাঁচানোর জন্য, কার্বন নিঃসরণ কমানোর জন্য বাইসাইকেল ব্যবহার করি। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ঢাকা উপহার দেওয়ার জন্য সাইকেল ব্যবহার করি।